বিশ্বের বিশাল কোম্পানিগুলো থেকে বিনিয়োগের ৮০০ কোটি ডলার তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সার্বভৌম তহবিল। করোনায় সৃষ্ট এই সংকটময় পরিস্থিতিতে ব্যয় সংকোচনের পদক্ষেপ হিসেবে এই অর্থ তুলে নেবে সৌদি। এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, পশ্চিমা বিশ্বে সৌদি আরবের সার্বভৌম তহবিলের বেশির ভাগ বিনিয়োগ করা হচ্ছে। বোয়িং ও ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের শত শত কোটি ডলার বিনিয়োগ রয়েছে।
করোনাভাইরাসের প্রকোপে এখন জোড়া সংকটে পড়েছে সৌদি আরবের অর্থনীতি। এছাড়া রয়েছে তেলের দামের ধস। এমন পরিস্থিতিতে মূল্য সংযোজন কর দ্বিগুণ করেছে সৌদি সরকার। পাশাপাশি বেসামরিক কর্মচারীদের মাসিক ভাতা স্থগিত করা হয়েছে।
জানা যায়, ব্যয়বহুল ঘাটতি কাটাতে ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। চলতি বছরের প্রথম প্রান্তিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় (পিআইএফ) বোয়িং, ওয়াল্ট ডিজনি ও স্টারবাকস থেকে শুরু করে ম্যারিয়ট ও সিটি গ্রুপে ৭৭০ কোটি ডলারের শেয়ার কেনে সৌদি। তেলক্ষেত্রের নামকরা প্রতিষ্ঠান বিপি, টোটাল ও রয়্যাল ডাচ্ শেলেও রয়েছে তাদের শেয়ার। ইংলিশ ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কেনার চেষ্টা করেছিলেন। তবে পরে সেই চুক্তি কিছুটা জটিল অবস্থায় পড়ে।
এছাড়া মাত্র দুই বছর আগে প্রথম ভ্যাট চালু করে সৌদি। করোনার কারণে এই ভ্যাট তিন গুণ বাড়ানো হয়েছে। জানা যায়, আগামী ১ জুলাই থেকে বর্তমানের ৫ শতাংশ ভ্যাট বেড়ে হবে ১৫ শতাংশ। সেই সাথে ১ জুন থেকে নাগরিকদের জীবনযাপন ব্যয়-ভাতা প্রদানও বাতিল করবে দেশটি।
আনন্দবাজার/টি এস পি








