ব্যবসায়ী পরিবেশ করবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। অধিক সংখ্যক মানুষকে করের আওতায় এনে কিভাবে বোঝা কমানো যায় সে সম্পর্কে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গতকাল বুধবার ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)র সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন। সংগঠনটির সভাপতি নাসের ইজাজ বিজয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বিকালে এনবিআরের সঙ্গে আলোচনাকালে চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, প্রমোশনাল (প্রচারমূলক) জিনিস বা পণ্য দিয়ে ভোক্তাদের ঠকানো হয়। এই চিন্তা বা কাজ থেকে বেরিয়ে আসতে হবে। দেখা যায় পণ্যের প্রচারের জন্য সাবান কিনলে বালতি বা মগ দেয়া হচ্ছে। এতে করে কিন্তু উল্টো ফল দাঁড়ায়। এসব না করে ভোক্তা মানসম্মত পণ্য দিলেই ব্যবসা-বাণিজ্য ভালো হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে উন্নত করতে হলে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। কর ফাঁকি না দিয়ে দায়িত্ববান ব্যক্তির মতো কর দিতে হবে। প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতা আনতে হবে।
ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিতে গিয়ে অনেক লোক পরিবারের সদস্যদের পড়ালেখা বেশি না করিয়ে প্রতিষ্ঠানে বসিয়ে দেন পরবর্তীতে তারা বিপদে পড়েন। এসব না করে পড়ালেখার মাধ্যমে যোগ্য করে গড়ে তুলে প্রতিষ্ঠানে বসান। তাতে প্রতিষ্ঠান ও দেশ দুটোই উপকৃত হবে।








