যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক পরিচয় দিয়ে ফেইসবুকে সম্পর্ক গড়ে তুলেন। সম্পর্কের এক পর্যায়ে দামি উপহার পাঠানোর কথা বলে এবং নানা অজুহাত দেখিয়ে বড় অংকের অর্থ হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র।
ঢাকার আরিফুল ইসলাম ফয়সাল নামের এক যুবকের কাছ থেকে ‘২২ লাখ ৬৮ হাজার টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই প্রতারক চক্রের সদস্য সোলেমান নিউগেন টেগমো বার্টিন (৪৭), নিউগেন টাওজার্জ ক্রস্টিয়ান (৩৮) ও একোনগো আরনাস্ট ইব্রাহিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিন বিদেশি কোন দেশের নাগরিক তা এখনও স্বীকার করেননি।
তবে তাদেরকে ক্যামেরুনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ মো. রেজাউল হায়দার জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদরদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার তিনজনের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায় নি এবং তারা কোন দেশের নাগরিক তাও স্বীকার করছে না। তবে তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থান করে সোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক গড়ে তোলে। এরপর তারা উক্ত ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন গিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় টাকা।
জেনিটরী নামের একটি ফেইসবুক আইডি ব্যবহার করে ফয়সালের সাথে চক্রটি সম্পর্ক গড়েন। এরপর উপহার পাঠানোর কথা বলে ফয়সালের কাছ থেকে চক্রটি দুই দফায় ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয় বলে জানান সিআইডি কর্মকর্তা রেজাউল হায়দার।
আনন্দবাজার/এম.কে








