দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের নায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পত্র (আইপি) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে রাজধানীর খামারবাড়িতে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য আইপির আবেদন করলেও কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, প্রতিবছরের ন্যায় এবারো পেঁয়াজের ভরা মৌসুমে দেশের কৃষকদের কথা চিন্তা করে সরকার সাময়িকভাবে পেঁয়াজ আমদানির আইপি বন্ধ রেখেছে। তবে তিনি দাবি করেন, এর প্রভাবে বাজারে পেঁয়াজের দাম বাড়বে না। কারণ হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের আগে করা এলসির পেঁয়াজগুলো আরো তিন মাস ধরে আমদানি করা যাবে। খামারবাড়িতে পেঁয়াজ আমদানির নতুন করে অনুমতি মিলছে না।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ অফিসের উপ-সহকারি কর্মকর্তা ইউসুফ আলী জানান, আমরা পেঁয়াজ আমদানির আইপি বন্ধের কোন নির্দেশনা পাইনি। তবে সার্ভারে আইপির জন্য আবেদন করতে গেলে সেখানে আইপি স্টপ দেখাচ্ছে। হিলি কাষ্টমস সূত্রে জানা গেছে, গতকাল রোববার একদিনে ভারতীয় ৩০ ট্রাকে ৮০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।








