দেশের হাওরাঞ্চলে ধান কাটার শ্রমিকদের আবাসনের জন্য ঐ অঞ্চলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার আগাম বন্যার আশঙ্কা থাকায় বোরো ধান দ্রুত কাটার সুবিধার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতাও চেয়েছে মন্ত্রণালয়। এছাড়া বিদ্যলয়গুলোর সাবেক শিক্ষার্থীদের কৃষকদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করার জন্যও বলা হয়।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন বলেন, বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় অঞ্চলের জেলাসমূহে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। ইতোমধ্যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র আগাম বন্যার আভাস দিয়েছে। হাওড় এলাকায় বছরে একবার মাত্র ফসল ফলে। এই ফসল আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি আরও বলেন, ধান কাটার জন্য এলাকার বাইরে থেকে আসা শ্রমিকদের থাকার জন্য হাওড় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে হবে। করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটেরও সৃষ্টি হয়েছে। এই সংকটে সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে তাদের প্রাক্তন ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে এই চরম বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ানো জন্য কাজ করতে পারেন।
হাওড় অঞ্চলের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিও) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস







