বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর সম্প্রতি বাড়তে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি সর্বোচ্চ ৪ টাকা থেকে সর্বনিম্ন ২ টাকা পর্যন্ত বেড়েছে মোটা ও চিকন উভয় ধরনের চালের দাম। ব্যবসায়ীরা দাবি করেছেন, ধানের দাম বাড়ায় বাজারে চালের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।
জানা যায়, চালের বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। বাজারে সব ধরনের চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবুও ক্রমেই বাড়ছে চালের দাম। গতকাল মোটা জাতের ২৮ প্রতি কেজি চাল বিক্রি হয় ৩৬ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৩২ টাকায়। স্বর্ণা জাতের চাল বিক্রি হয় কেজিপ্রতি ৩২ টাকা। যা সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৩০ টাকা করে। গুটি স্বর্ণা জাতের চাল বিক্রি হয় কেজিপ্রতি ৩০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ২৬ টাকা। মিনিকেট জাতের চাল বিক্রি হয় কেজিপ্রতি ৪৮ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৪৪ টাকা।
কেজিপ্রতি দাম বাড়ায় বেড়েছে চালের বস্তার দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
এ প্রসঙ্গে মিলাররা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই বাড়ছে চালের দাম। প্রতি মণ ধান বর্তমানে ৮০০-৮২০ টাকা করে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে একই পরিমাণ ধানের দাম ছিল ৭০০-৭৫০ টাকা। অর্থাৎ পণ্যটির দাম মণপ্রতি সর্বোচ্চ ১০০ টাকা বেড়েছে। ফলে বাড়ছে চালের দামও।
আনন্দবাজার/ টি এস পি








