সৌদি আরবের তারাবিহ নামাজ বাড়িতে আদায় করার কথা আগেই ঘোষণা করা হয়েছে। এইবার গ্র্যান্ড মুফতি বলেছেন, করোনাভাইরাসের বিস্তার অব্যাহত থাকলে পবিত্র ঈদুল ফিতরের নামাজও বাড়িতে আদায় করা উচিত। দেশটির একটি পত্রিকার শুক্রবারের খবরের বরাত দিয়ে আল–জাজিরা অনলাইন এ তথ্য জানায়।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, করোনার বিস্তার ঠেকাতে নেওয়া পদক্ষেপের কারণে রমজানের তারাবিহ নামাজ মসজিদে আদায় করতে না পারলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। একই সঙ্গে ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এর আগে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগেই আসন্ন পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবিহর নামাজ আদায়ের নির্দেশনাসংবলিত একটি ঘোষণা দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোয় জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলেও জানায় সৌদি সরকার।
দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছ। আর করোনায় মারা গেছে অন্তত ৮৩ জন। করোনার বিস্তার ঠেকাতে কারফিউ জারিসহ নানা ব্যবস্থা নিয়েছে সৌদির কর্তৃপক্ষ।








