মিয়ানমার চলতি অর্থবছরের অক্টোবরে ২ লাখ ২০ হাজার টনের বেশি চাল ও ভাঙা চাল রফতানি করেছে । আর এই চাল রফতানি থেকে দেশটির আয় হয়েছে সাড়ে ৬ কোটি ডলার।
দেশটি গত বছরের একই সময়ের তুলনায় এ সময় ৯০ হাজার টন চাল বেশি রফতানি করেছে । তাই গত বছরের তুলনায় এবার ২ কোটি ১০ লাখ ডলার বাড়তি আয় হয়েছে দেশটির । এই তথ্য নিশ্চিত করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ।
মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব খিন মং লউইন জানান, ২০১৯-২০ অর্থবছরের ১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২ লাখ ২০ হাজার টনের বেশি চাল ও ভাঙা চাল রফতানি করা হয়েছে ।
মিয়ানমার ২০১০ সালের পর থেকে চাল রফতানি বাড়িয়ে আসছে । ২০১৭-১৮ অর্থবছরে দেশটি ৩৫ লাখ ৮০ হাজার টন চাল রফতানি করেছিল । ২০১৮-১৯ অর্থবছরে দেশটি চাল রফতানি করে ২৯ লাখ ৫৪ হাজার টন । যা থেকে ১০০ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ডলার আয় আসে দেশটির ।
আনন্দবাজার/এফআইবি







