মাদারীপুরে পথের দু’ধারে এখন সারি সারি সরিষা খেত। মাঠের পর মাঠজুড়ে হলুদফুলে ভরা। হলুদের দৃশ্য দেখে দুচোখ জুড়িয়ে আসে। অপরদিকে সরিষার ভালো ফলন হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। সরিষা খেত থেকে মৌচাষিরা মধু আহরণের মাধ্যমে বাড়তি আয় করছে।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, গত কয়েক বছরে ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় এ বছর জেলায় সরিষার আবাদ বেশি হয়েছে। জেলায় এবার ১১ হাজার ৩২৪ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু আবাদ হয়েছে ৯ হাজার ২২১ হেক্টর জমিতে।
সদর উপজেলার বাংলাবাজার গ্রামের সরদার হালিম বলেন, ‘বিঘা প্রতি জমিতে সাতমণ সরিষা উৎপাদন হলেও সব খরচ বাদ দিয়ে এবার আমরা লাভবান হবো। অন্য ফসলের চেয়ে সরিষা চাষ বেশি লাভজনক।’ তিনি আরও বলেন, বাড়তি ফসল হিসেবে মাদারীপুরে সরিষা চাষ আগের তুলনায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরেছে ভাগ্যের চাকা।
সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো দর পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরও বাড়বে বলে আশা করছেন কৃষিবিদরা।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, গত বছরের তুলনায় চলতি বছর তিন হাজার হেক্টর জমিতে সরিষা চাষ বেশি হয়েছে। তবে তীব্র শীত ও ঘন কুয়াশায় কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এরপরেও সার্বিক আবহাওয়া অনুকূল থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
আনন্দবাজার/এম.আর








