পি কে হালদার--
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পি কে হালদারকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতে আসেন ভারতীয় হাইকমিশনার। সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
গত শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভারতের পশ্চিমবঙ্গ থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার পি কে হালদারকে কলকাতার নগর দায়রা আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করে ইডি। আদালতের বিচারকরা তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, পি কে হালদার বিষয়ে (দেশের পররাষ্ট্র সচিবের) সঙ্গে কথা হয়েছে। এটি দুই দেশের নিয়মিত সহযোগিতার একটি অংশ। গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেপ্তার করা হয়। বুঝতে হবে, এটি কিন্তু বড়দিনের কার্ড বিনিময় নয়। আমি মনে করি, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। তাকে ফেরত পাঠানোর বিষয়টা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।
বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা তা যাচাই বাছার করছি। এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের কাছে যা তথ্য আছে, তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে। সেটি আস্তে আস্তে হতে দিন।








