চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে। সম্প্রতি জাপানে একটি ক্রুজ জাহাজে ১০ জনের শরীরে ভাইসরাটি ধরা পড়েছে। এদিকে হংকংয়ের প্রথম মৃত্যুর ঘটনার পর থেকে সেখানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুটি মার্কিন এয়ারলাইন্স।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যানুসারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৪ ডিসেম্বর) আরও ৬৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এতে করে চীনের মূলভূখণ্ডে মৃতের সংখ্যা ৪৯০ জনে দাঁড়িয়েছে।
মহামারী করোনায় চীনের মূলভূখণ্ডের বাইরে এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। উহান শহরে ঘুরতে গিয়ে হংকংয়ের ৩৯ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হন, নিজ শহরে ফেরার পর গত মঙ্গলবার তিনি মারা যান। এছাড়া গত সপ্তাহে উহান থেকে ফিলিপিন্সে যাওয়ার পথে এক চীনা ব্যক্তির মৃত্যু হয়। চীনের বাইরে এটিই মৃত্যুর প্রথম ঘটনা।
চীনের মূলভূখণ্ডে মঙ্গলবার আরও ৩৮৮৭ জন নতুন করে ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়েছেন, এতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪ জনে।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইয়োকোহামা বন্দরে একটি ক্রুজ লাইনারের ১০ আরোহীর শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়ার পর তাদের পৃথক করে রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভাষ্যমতে বিশ্বের আরও ২৪টি দেশ ও অঞ্চলে মিলিয়ে মোট ১৭৬ জনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।
এদিকে ভাইরাসটির কারণে অর্থনৈতিক ক্ষতি বাড়তে থাকার মুখে প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ মহামারীর প্রাদুর্ভাবের কারণে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ব্যাহত হতে পারে।
আনন্দবাজার/শাহী








