- বাজারে ২৩ হাজার কোটি টাকা
ঈদে নতুন নোটের প্রতি গ্রাহকদের আগ্রহ রয়েছে। এ আগ্রহের কথা মাথায় রেখেই বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার থেকে রাজধানীর বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২ শাখার মাধ্যমে নতুন নোট সংগ্রহ করতে পারবে গ্রাহকরা। যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন গ্রাহকরা।
করোনা ভাইরাসের মহামারির কারণে গত দুই বছর নতুন নোট বিনিময় বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে যাওয়ায় এবারে ফের নতুন নোট বিনিময় করবে ব্যাংকটি। বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হলেও ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। এবার ২৩ হাজার কোটি টাকার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকে নির্দিষ্ট সময়ে ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
আরও বলা হয়, একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। নতুন নোট মিলবে যেসব শাখায়- বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
এদের মধ্যে এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, দি প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় নতুন নোট পাওয়া যাবে।








