মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় পুলিশি বর্বরতা এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা হুমকি দিয়ে বলেছেন, মার্কিন সমাজে কাঙ্খিত পরিবর্তন না আসা অবধি এই বিক্ষোভ অব্যাহত থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা গত এক বছরে সর্বনিম্নে পৌঁছেছে।
হিলহ্যারিসএক্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা ছয় শতাংশ কমে ৪৪ শতাংশে নেমে এসেছে। ডেইলি এক্সপ্রেস সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর গোটা দেশজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছে, মার্কিন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যে বর্ণবাদ ও বর্ণবৈষম্য রয়েছে তার অবসান করতে হবে। চলমান বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আবার সমীক্ষায় দেখা গেছে, দেশের ৫৬ শতাংশ মানুষই ট্রাম্পের কাজের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। গত এক বছরে কখনও তার জনপ্রিয়তা এত বেশি নিচে নামেনি।
আনন্দবাজার/তা.তা








