পুঁজিবাজারে বাড়তি ২০০ কোটি টাকা করে বিনিয়োগ করার সুযোগ পেয়েছে দেশের প্রতিটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি জানা যায়। একই সাথে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো পাচ্ছে ৭ শতাংশ সুদে ঋণ।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারির পর তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৭৯ পয়েন্ট। দৈনিক লেনদেনও দীর্ঘদিন পর ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা মনে করেন বাজারের এ গতি টেকসই হবে না।
এসব নীতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে এবং সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারমুখী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা । এদিকে অর্থনীতিবিদরা বলছেন, মৌলিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন না এনে, কেবল বাজারে তারল্য সরবরাহে দীর্ঘমেয়াদি সুফল আসবে না।
বছরের শুরুতে ধারাবাহিক পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক কমে ৯ শতাংশ। লেনদেন নেমে আসে আড়াই থেকে ৩০০ কোটির ঘরে। পরিস্থিতির বিবেচনায় প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সরকারি প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্তি, আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানোসহ বেশকিছু দিকনির্দেশনা আসে। এর ধারাবাহিকতায় গেল সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ব্যাংককে শেয়ার বাজারে বিনিয়োগে ২০০ কোটি টাকার তহবিল গঠনের সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে দেয়া হয়, ব্রোকারেজ হাউজগুলোকে ৭ শতাংশ সুদে ঋণ নেয়ার সুযোগ।
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, এ ধরনের ইন্টারভেনশ কয়েক সপ্তাহ থাকবে। পরে আবার যেখানে ছিল সেখানে চলে যাবে। যদি না ইকোনোমিক ফান্ডামেন্টালগুলো ইকোনোমিভাবে পরিবর্তন না করি। অর্থাৎ মানি মার্কেট ব্যাংকিং খাত, ব্যাংকি খাত এবং অন্যান্য লাভজনকপ্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে বাজার আবার ঘুরে দাঁড়াবে।
আনন্দবাজার/রনি








