চীন সীমান্তে শক্তি বাড়ালে আমরাও বাড়াব বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক সেনা প্রধান জেনারেল ভি. কে. সিং। বুধবার দুই দেশের মধ্যে চলা উত্তেজনা নিয়ে এমনটিই বলেছেন ভারতের সাবেক এই সেনাপ্রধান।
বর্তমান উত্তেজনাকে স্বাভাবিক ঘটনা বলে অভিহিত করে জেনারেল ভি. কে. সিং বলেন, গ্রীষ্মকালে সীমান্ত পথ উন্মুক্ত হওয়ায় উভয় দেশ নজরদারি বাড়ায়। আগেও এমন হয়েছে। তারা নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় তাবু তৈরি করেছে। আমরা তাদের বলার পর সরে গেছে। এবারের বিষয়টাও তাই। যদি তারা শক্তি বাড়ায় সমপরিমাণ শক্তি আমরাও বাড়াবো।
চলতি মাসে লাদাখে ও উত্তর সিকিমে ভারতীয় ও চীনা সেনা বাহিনীর সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে লাদাখের গালওয়ান উপত্যকার সীমান্তে পাল্টাপাল্টি সেনা সমাবেশ ঘটায় দু'দেশ। তিব্বতের বিমানঘাঁটিতে দ্রুত অবকাঠামো বাড়ায় বেইজিং। সর্বোচ্চ সাময়িক পর্যায়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি। শি জিনপিং সর্বোচ্চ খারাপ পরিস্থিতি মোকাবিলায় চীনা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
এমন উত্তেজনার মধ্যেও নয়াদিল্লি এবং বেইজিং জানায় এসব স্বাভাবিক ঘটনা। এমন অবস্থায় দু'পক্ষের সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, দু'পক্ষের সীমান্ত সমস্যা সমাধানে ওয়াশিংটন স্বেচ্ছায় প্রস্তুত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চীন-ভারত সীমান্তের বর্তমান পরিস্থিতি আগের মতোই স্থিতিশীল। উভয়দেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত শক্তিশালী নীতি ও যোগাযোগ রয়েছে। আলোচনা, সংলাপের মাধ্যমে যে কোনো সংকট সমাধানের ক্ষমতা আমাদের আছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








