প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিতে রীতিমতো ছোবল মেরে যাচ্ছে। এর সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপও নেয়া হয়েছে কোথাও কোথাও। যার ফলে বিমান যাত্রী কমেছে প্রায় সব দেশেই। পরিস্থিতি সামাল দিতে বিমান সংস্থাগুলোকেও এখন কঠিন বেগ পেতে হচ্ছে।
এরইমধ্যে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান এয়ার এশিয়া বিমানে যাত্রী টানতে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। প্রতিষ্ঠানটি ভ্রমণের জন্য যাত্রীদের কাছ থেকে কোনো ‘সিট ফেয়ার’ নিচ্ছে না। এয়ার এশিয়া এটিকে জানিয়েছে ‘বিগ সেল।’
এই সুযোগের আওতায় অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে ভ্রমণে এয়ার এশিয়া যাত্রীদের কাছ থেকে বিমানের আসনের জন্য কোনো ভাড়া নিচ্ছে না। তবে নিয়মানুযায়ী এয়ারপোর্ট ট্যাক্সের মতো অন্যান্য ফি দিতে হবে যাত্রীদের।
এয়ার এশিয়া আরও জানায়, ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত সময়ে ভ্রমণের জন্য ছাড় দেয়া মূল্যে টিকিটি বুকিং করা যাবে।
এয়ার এশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডিরেক্টর ভেরানিতা ইয়োসেফিন জাকার্তা পোস্টকে জানিয়েছেন, সময়টা অনেক চ্যালেঞ্জিং। এই সময়ে ইন্দোনেশিয়ার পর্যটন খাতসহ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আনন্দবাজার/শাহী








