করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ভ্যাকসিনটি প্রাণীর ওপর পরীক্ষার সময় উচ্চ মাত্রার অ্যান্টিবডি তৈরি করতে পারে।
জানা যায়, ইম্পেরিয়াল কলেজ ও হংকংভিত্তিক প্রতিষ্ঠান মর্নিংসাইড ভেঞ্চার্সের উদ্যোগে তৈরি ভ্যাকুইটি গ্লোবাল হেলথ এ ভ্যাকসিন তৈরি করছে। ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের তৈরি আরএনএ ভ্যাকসিন মূলত পেশিকোষে জিনগত নির্দেশ পাঠায়, যাতে কোষ স্পাইক প্রোটিন তৈরি করতে পারে। এ প্রোটিনের উপস্থিতি রোগ প্রতিরোধী সক্ষমতাকে প্ররোচিত করে, যাতে করোনার বিরুদ্ধে সুরক্ষা তৈরি হয়।
আরও জানা যায়, ভ্যাকসিনটি তৈরির উদ্যোগের জন্য এরইমধ্যে চার কোটি ১০ লাখ মার্কিন ডলার সরকারি ও ৫০ লাখ ডলার দাতব্য সহযোগিতা পাওয়া গেছে। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনটির পর এটি যুক্তরাজ্যের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মানব পরীক্ষায় যাচ্ছে।
জানা গেছে, মোট ৩০০ জন সুস্থ লোককে এই ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হবে। প্রথম পর্যায়ে মানুষের ওপর পরীক্ষার যদি এটি নিরাপদ বলে প্রমাণিত হয়, তবে এ বছরের শেষ দিকে ছয় হাজার মানুষের ওপর ভ্যাকসিনটি পরীক্ষা করা হতে পারে।
আনন্দবাজার/টি এস পি








