ই-কমার্সের মাধ্যমে একদম শূন্য থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন যশোরের মেয়ে রওশন আরা ইকা। আন্তর্জাতিক নারী দিবসে মাত্র ৬৫০ টাকা নিয়ে ব্যবসায় নামেন রওশন। দেশীয় ঐহিত্যবাহী পণ্য পৌঁছে দেবে দেশের অন্যান্য জেলাসহ দেশের বাইরে, এই প্রত্যয়, জেদ, আর নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে রওশন ২০১৭ সালে তার ফেসবুক পেজ রওশন’স ক্রিয়েশন (Rowshans Creations) চালু করেন।
মায়ের কাছে থেকে মাত্র ৬৫০ টাকা নিয়ে রওশন ব্যবসা শুরু করেন। প্রথম দিকে তার আত্মীয়-স্বজন আর প্রতিবেশীরা তার ব্যবসা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত। তাদের কথা হলো মাস্টার্স পর্যায়ের পড়া শেষ করে অন্তত কিছু না হলেও প্রাথমিক বিদ্যালয়ে চাকরিও তো করতে পারত। কিন্তু ইন্টারনেটের শক্তিকে কাজে লাগানোর সর্বোত্তম চেষ্টা করে গেছেন রওশন।
প্রথম দিকে সংগ্রহ করা পণ্যের ছবি পেজে আপলোড করতেন। পরবর্তীতে নিজেই পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করিয়ে নেন। রওশন যশোরের সব বিলুপ্ত প্রায় সেলাইকে আবার নতুন করে ফিউশন আকারে উপস্থাপনের চেষ্টা করছেন।
৬৫০ থেকে শুরু করে পরে যখন অর্ডার বাড়তে থাকে তখন রওশন তার মায়ের কাছ থেকে আরও পাঁচ হাজার, দশ হাজার, বিশ হাজার এভাবে মোট পঞ্চাশ হাজার টাকা নেন। বর্তমানে তার প্রতি মাসে দুই লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি








