যুক্তরাজ্য সরকার দাবি করছে, তুরস্ক থেকে আনা চার লাখ পিপিই মানসম্মত নয়। গত মাসে ব্রিটেনের রয়াল এয়ারফোর্সের বিমানে অর্ডারের অর্ধেক পিপিই গাউন দেশটির জাতীয় স্বাস্থ্যকর্মীদের জন্য নিয়ে আসে দেশটির সরকার।
মানসম্পন্ন না হওয়ায় এখন সেসব পিপিই গুদামেই পড়ে আছে। তুরস্কের যে প্রতিষ্ঠানটি এসব পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে তাদের মুখপাত্র বলছেন, এ ধরনের কোনো অভিযোগ পাননি। বিবিসি খবর।
সেলেগ্না টেকস্টিল নামের ওই সংস্থার মুখপাত্র মেহমেত দুযেন অবশ্য বলেছেন, ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএস অথবা আঙ্কারায় ব্রিটিশ দূতাবাস বা ব্রিটিশ কোন কর্মকর্তা তাদের কাছে এই পিপিইর মান নিয়ে এখনো কোন অভিযোগ করেনি।
তিনি বলেন, এটি তৈরিতে যে ফ্যাব্রিক এবং অন্য যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে তার সবকিছুই অনুমোদিত জিনিস, কোন খুঁত থাকলে তা সংশোধনের জন্য তারা প্রস্তুত ছিল।








