সাহিত্য, গবেষণা, বিজ্ঞানচর্চা ও নাট্যকলায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে আটজন গুণীজনকে পুরস্কারের জন্য মনোনীত করেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (আজ) আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম প্রকাশ করা হয়। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষাভিত্তিক গবেষণায় অবদানের জন্য ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ অর্জন করছেন অধ্যাপক মনসুর মুসা। এ পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।
প্রকৃতি ও বিজ্ঞানবিষয়ক লেখালেখির জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন খসরু চৌধুরী। একই অর্থমূল্যের ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ দেওয়া হচ্ছে কবি সানাউল হক খানকে।
নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য নিয়ে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হচ্ছে হাফিজ রশিদ খানকে। অন্যদিকে অভিনয়, নাট্যনির্দেশনা ও নাট্যসংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন তারিক আনাম খান। এই দুটি পুরস্কারের অর্থমূল্যও এক লাখ টাকা করে।
গণিতকে সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপনের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। তাঁর রচিত ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে, যার অর্থমূল্য ৫০ হাজার টাকা।
এবার ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হচ্ছে দুই বিভাগে। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন সুব্রত বড়ুয়া, যার অর্থমূল্য দুই লাখ টাকা। অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখক শ্রেণিতে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য আনিসুর রহমান এই পুরস্কারে ভূষিত হচ্ছেন। এ বিভাগে পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।









