দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে মাত্র ১০ দিন করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবটি উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সুপারিশের ভিত্তিতে বিপিসির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দীর্ঘ সময়সীমার কারণে অনেক সময় দ্রুত জ্বালানি সংগ্রহে বাধা সৃষ্টি হয়। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং চাহিদার ওঠানামার কারণে এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সময়সীমা কমিয়ে আনা হলে জ্বালানি আমদানির গতি বাড়বে, সরবরাহ ব্যবস্থায় আসবে নতুন গতি এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা সহজ হবে।









