মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিপক্ষের যেকোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুই দেশই সামরিক নজরদারি ও কঠোরতা বাড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।
এদিকে, খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর কমান্ডার আলী আবদুল্লাহি জানিয়েছেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার পূর্ণ সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, মাঠের প্রকৃত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।









