ওমান উপসাগর দিয়ে চলার সময় জব্দ করা ইরানি কার্গো জাহাজ ‘তুসকা’ নিয়ে এবার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, জাহাজটি আটক করার আগে এর ওপর ৫-ইঞ্চি কামান থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছিল।
মার্কিন নৌবাহিনী প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটির ক্রুদের ইঞ্জিন রুম খালি করার নির্দেশ দেওয়ার পর রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ থেকে তিন দফায় গোলা ছোড়া হয়। এরপর সূর্যাস্তের পর ধারণ করা ফুটেজে দেখা যায়, মার্কিন মেরিন সদস্যরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজে অবতরণ করছেন।
সেন্টকমের তথ্যমতে, অভিযানে যুক্ত মার্কিন বাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ নিতে সফল হয় এবং সেটি এখন মার্কিন নৌবাহিনীর হেফাজতে রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন ও সামরিক বিশ্লেষক কার্ল শুস্টার সিএনএনকে দেওয়া মন্তব্যে বলেন, তুসকার ডিজেল ইঞ্জিন অকার্যকর করতে অন্তত দুটি সুনির্দিষ্ট আঘাত প্রয়োজন ছিল। তার পর্যবেক্ষণ অনুযায়ী, ইউএসএস স্প্রুয়েন্স থেকে ছোড়া তিনটি গুলিই লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তিনি আরও বলেন, এই আঘাতের পর জাহাজটিকে সম্ভবত টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট বর্তমানে জাহাজটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।









