হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক না হলে ইউরোপসহ পুরো বিশ্বের জন্য তার পরিণাম ‘বিপর্যয়কর’ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইইউ-র পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তজিৎজিকোস্টাস এই উদ্বেগজনক সতর্কবার্তা প্রদান করেছেন।
গত কয়েক দিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছে।
বর্তমান সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তজিৎজিকোস্টাস জানিয়েছেন, ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইইউ বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উৎস থেকে বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে।
তবে জ্বালানি সংকট থাকলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন এই কর্মকর্তা। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। তাই মানুষের জীবনযাত্রা বা যাতায়াতের ক্ষেত্রে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন দেখছি না।
এই প্রণালিতে যেকোনো ধরণের বাধা বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বড় ধরণের ধসের কারণ হয়ে দাঁড়ায়। ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিমান খাতের পাশাপাশি সামগ্রিক শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যেতে পারে।









