যুদ্ধ পরিস্থিতির ফলে সারা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে। ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা হুমকি দিচ্ছে ইরানও। এরই মধ্যে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিলো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
সানায় অবস্থিত হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করেছেন যে, ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা ইয়েমেনের উপকূলের বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দিতে পারে।
হুসেইন আল-এজ্জি এক্সে প্রকাশিত এক বিবৃতিতে লেখেন, সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে তা খোলার ক্ষেত্রে সমগ্র মানবজাতি শক্তিহীন হয়ে পড়বে।
তিনি জানান, ট্রাম্পের এবং এই ষড়যন্ত্রে জড়িত বিশ্বের জন্য এটাই সর্বোত্তম যে, তারা অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী সব কার্যকলাপ ও নীতির অবসান ঘটাবে এবং আমাদের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবে।









