পাকিস্তানে নির্ধারিত আলোচনার আগে নতুন শর্ত সামনে এনেছে ইরান। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না দেশটি। অর্থাৎ অবরোধ তুলে না নেওয়া হলে আলোচনার পথ কার্যত বন্ধই থাকবে।
তাসনিমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে চলমান জ্বালানি ও ভূরাজনৈতিক সংকটের মধ্যে ইরানের এমন শর্ত আলোচনার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে।
সূত্র: আল জাজিরা।









