ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য। যুদ্ধ বন্ধ চুক্তি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আজই একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।
বার্টিরোমোর সঙ্গে এই ফোনালাপ ঠিক কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও চুক্তি সই না হয়, তাহলে তিনি ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন।
যদিও ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি ইরান। তবে পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আগ্রহী হলেও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে, রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধিরা নতুন দফার আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবেন।









