বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও পাঁচটি সেবা। এ নিয়ে দুই বছরে বিডার ওএসএস পোর্টালে পাওয়া যাচ্ছে ১৮টি সংস্থার ৫৬টি সেবা। গত ১২ ডিসেম্বর বিডার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, আমরা এরই মধ্যে ১৬টি প্রতিষ্ঠানে ৫১টি সেবা দিয়ে আসছিলাম। আরও ৫টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৮টি সংস্থার ৫৬টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। বিডা প্রতিদিন গড়ে ওএসএসের মাধ্যমে শতাধিক বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে। এটা দিন দিন দ্রুতগতিতে বাড়ছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ২০১৯ সালে বিডা ওএসএস পোর্টালে মাত্র দুটি সেবা দেওয়া হতো। কোভিডের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুই বছরে ওএসএস পোর্টালে ৫৬টি বিনিয়োগ সেবা সংযুক্ত করতে পেরেছি। এই সেবা প্রতিদিন ২৪ ঘণ্টা চলমান। এসময় তিনি বিনিয়োগকারীদের বিডা ওএসএস থেকে সার্ভিস নেওয়ার আহ্বান জানান।
নতুন যে পাঁচটি সেবা যুক্ত হয়েছে- বিডার তৃতীয় অ্যাডহক আইআরসির সুপারিশ দেওয়া, জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে বিদেশি নাগরিকদের আয়কর সনদ দেওয়া, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের মাধ্যমে রপ্তানি নিবন্ধন সনদ দেওয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স দেওয়া ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কান্ট্রি অব অরিজিন প্রদান করা।
বিডার সহকারী পরিচালক আবু জার গিফারী তমালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় প্রমুখ।
আনন্দবাজার/শহক








