করোনার বাধা কাটিয়ে অভিনয়ে আবারো আগের মত নিয়মিত হচ্ছেন নাদিয়া আহমেদ। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে গত ৪ জুন থেকে কাজ শুরু করেছেন তিনি। নির্মাতাদের আগ্রহের কারণে এরইমধ্যে নাদিয়া নতুন সাতটি ধারাবাহিকে যুক্ত হয়েছেন।
এরমধ্যে দুটি নাটকের একটি আজ থেকে এবং আরেকটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রচার শুরু হবে। চারটি নাটকের শুটিংয়ে ইতোমধ্যে অংশ নিয়েছেন। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু হবে চলতি মাসেই। বিটিভিতে গত রবিবার থেকে প্রচার শুরু হয়েছে নিয়াজ মাহবুব পরিচালিত ‘সত্যপুরের নিত্যদিন’। আজ থেকে প্রচার শুরু হবে অনন্য ইমনের ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকটি। শুটিং করেছেন কায়সার আহমেদ ও আল হাজেনের নির্দেশনায় ধারাবাহিক ‘গোলমাল’, তুষার খানের ‘সংকটে সংকট’, ইমরান হাওলাদারের ‘ভিলেজ হট্টগোল’, সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’। চলতি মাস থেকে ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ ধারাবাহিকের কাজ শুরু করবেন।
এ প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, সত্যি বলতে কি লকডাউনের পর কাজ শুরু করেছি মনে ভীষণ আতঙ্ক নিয়ে। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, ভালো আছি এবং ভালোভাবে কাজগুলো করতে পারছি। আমি চাই শিগগিরই পৃথিবী আবার হেসে উঠুক। আমার কাছে এরইমধ্যে অনেক ধারাবাহিক নাটকেই কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু আমার যেসব গল্প ভালোলেগেছে এবং অবশ্যই চরিত্রে ভিন্নতা আছে সেসব ধারাবাহিকেই কাজ করছি। অবশ্যই দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা নিয়মিত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন।
নাদিয়া জানান, এরইমধ্যে তিনি তানিম পারভেজের নির্দেশনায় ওয়েব সিরিজ ‘ঘোল’ এর কাজ শুরু করেছেন। গল্পনির্ভর ভিন্ন ঘরানার সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে তার।
আনন্দবাচার/ডব্লিউ এস








