ভারতীয় বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা তাপস পাল। রাজনীতিতে আসার ফলে বিতর্কের সম্মুখীন হলেও অভিনেতা হিসেবে তার জনপ্রিয়তায় একটুও হেরফের হয়নি। বরং তাপস পালের মতো অভিনেতাকে নিয়ে গর্বিত টালিগঞ্জের চলচ্চিত্র মহল।
প্রায় ১৭ দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। খবরটি অনেকেই জানতেন না। আজ সকালে অনেকেই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন দাদার কীর্তির তাপস পাল আর নেই, অনেকেরই যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন তাপস। পারিবারিক সম্পর্ক ছিল তার সাথে। যদিও বেশ কিছুদিন যোগাযোগ ছিল না তেমন। অনেকটা নীরবেই চলে গেলেন।
৬১ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভোর সাড়ে তিনটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গুণী এই অভিনেতা। পরিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাথায় একটা জটিল রোগে ভুগছিলেন তিনি। জানুয়ারির শেষ দিকে অসুস্থতা বেড়ে যাওয়ায় মুম্বাই ওই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
১ ফেব্রুয়ারি থেকে অবস্থার চরম অবনতির দিকে গেলে তাকে ভেন্টিলেশনে স্থানান্তিরত করা হয়। যদিও ১৭ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে যান তাপস পাল।
আনন্দবাজার/তাঅ







