দেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক ব্যবসার প্রসারে প্রায় ৮৮২ কোটি টাকা (১১.২১৮ বিলিয়ন জাপানি ইয়েন) ব্যয়ে ‘ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়ন করতে বিনিয়োগ করবে জাপানের উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
জানা গেছে, এ প্রকল্পের অধীনে কৃষিভিত্তিক ব্যবসার উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য নিরাপত্তা খাতে কর্মরত প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়ন এবং কারিগরি সহযোগিতা দেওয়া হবে। এতে নিরাপদ এবং গুণগতমানের খাদ্য সরবরাহের উদ্যোগে জোরদারের পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ১, ২ ও ৮নং লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান ইউহো হায়াকাওয়া গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান। সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সলিম উল্লাহ, জাইকা বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন প্রতিনিধি কজি মিটুমরি, কর্মসূচি উপদেষ্টা রিউচি কাটসুকি, প্রোগ্রাম অফিসার মো. মেহেদি হাসান এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী এসএম আনিসুজ্জামান অনলাইনে সংযুক্ত ছিলেন।
এই ব্যাপারে বৈঠকে ইউহো হায়াকাওয়া জানান, বর্তমানে সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে গুণগত মানসম্পন্ন ও নিরাপদ খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে খাদ্য উৎপাদনের প্রতিটি ধাপে গুণগতমান সুরক্ষা এবং ফুড ভ্যালু চেইনের উন্নয়ন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়াতে একইসাথে নিরাপদ খাদ্যের চাহিদা ও জোগান বৃদ্ধি পাচ্ছে। কৃষিভিত্তিক শিল্প খাতের উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে করোনার প্রকোপের মধ্যেই নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং পণ্য বৈচিত্র্যকরণের সুযোগ সৃষ্টি হবে। তিনি এ প্রকল্প বাস্তবায়নে শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
শিল্পমন্ত্রী জাইকাকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে জানান, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের আধুনিকায়ন, খাদ্য ও খাদ্যসংশ্লিষ্ট শিল্পের অগ্রগতিতে জাইকা কার্যকর ভূমিকা রেখে চলেছে।
আনন্দবাজার/এইচ এস কে








