নিউজিল্যান্ডে ‘নিজের ইচ্ছায় মৃত্যু’ আইন কার্যকর করা হয়েছে। সেচ্ছায় মৃত্যুর ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন শর্তাবলী রেখে গতকাল রোববার ‘ইউথানেশিয়া’ নামে আইনটি পাশ করা হয়।
রেডিও নিউজিল্যান্ডের খবরে বলা হয়েছে, নিজের ইচ্ছায় মৃত্যু চাইলে কমপক্ষে দুজন চিকিৎসকের সম্মতি বাধ্যতামূলক। শুধুমাত্র তারাই এই আইন প্রয়োগ করতে পারবে যারা প্রবল মারণরোগে ভোগেন। এটি এমন একটি রোগ, যা আক্রান্ত হওয়ার ছয় মাসের মধ্যে একটি প্রাণের সমাপ্তি ঘটায়।
ইউথানেশিয়া নামক আইন বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডে। ৬৫ শতাংশের বেশি মানুষ ভোটে অংশ নিয়ে আইনটির পক্ষে রায় দেন। দীর্ঘদিন ধরে বিতর্ক চলার পর গতকাল রোববার আইনটি কার্যকর করা হয়।
ইউথানেশিয়ার বিরুদ্ধে যারা আছেন; তাদের ভাষ্য, এই আইন মানুষের জীবন ও মূল্যবোধের প্রতি সমাজের সম্মানকে দুর্বল করে দেবে।
খবরে আরো বলা হয়েছে, প্রতি বছর নিজের ইচ্ছায় মৃত্যু চেয়ে ৯৫০ জন এর জন্য আবেদন করতে পারবেন। তাদের মধ্যে ৩৫০ জনকে মৃত্যুতে সহায়তা করা হবে। এ কাজের জন্য চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আনন্দবাজার/শহক








