প্রধানমন্ত্রী ঘোষিত বড় ও সেবা শিল্পের জন্য ৩০ হাজার কোটি টাকার ঋণ তহবিলের অর্ধেক (৫০ শতাংশ) অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে এ লক্ষ্যে গঠন করা হয়েছে ১৫ হাজার কোটি টাকার একটি পুনরর্থায়ন তহবিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
তহবিলের নাম দেওয়া হয়েছে ‘বৃহৎ শিল্প ও সার্ভিস সেক্টরে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা প্রদানের পুনরর্থায়ন স্কিম’। ৪ শতাংশ সুদে এই তহবিল পাবে ব্যাংকগুলো, যা ত্রৈমাসিক ভিত্তিতে আরোপিত হবে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক সহায়তা প্যাকেজে তারল্য সরবরাহ নিশ্চিতকল্পে বড় ও সেবা শিল্পে চলতি মূলধন জোগানে প্রধানমন্ত্রী ঘোষিত ৩০ হাজার টাকার মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৫ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এ তহবিলের মেয়াদ হবে তিন বছর। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসংক্রান্ত আগের সার্কুলার অনুযায়ী বরাদ্দকৃত তহবিলের বিপরীতে ৫০ শতাংশ অর্থ এই স্কিমের আওতায় পুনরর্থায়ন সুবিধা নিতে পারবেন। এর আওতায় পুনরর্থায়ন গ্রহণে ইচ্ছুক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস








