চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদের বোতল, রামদা, লোহার পাইপ, পাখি শিকারের গুলতি, বটি, ছুরি ও কাচের বোতল উদ্ধার করা হয়েছে।
গত বুধবার মধ্যরাতে পুলিশের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে এ তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। আবাসিক হলে ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এ তল্লাশি অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এসময় কয়েকটি কক্ষের বেডের নিচ থেকে বেশকিছু ধারালো রামদা, কিরিচ, বটি, লোহার রড ও মদের বোতল উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপ। দুই দিন ধরে চলতে থাকা এ সংঘর্ষে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।








