সিনেমা থেকে শুরু করে সব কাজেই নতুনত্বের ছোঁয়া দিতে চান বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে, সময় ভাল কাটছেনা আমিরের। সাম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হলো। সর্বশেষ অভিনীত আমির-কিয়ারার নতুন বিজ্ঞাপনও সরিয়ে নেওয়া হলো।
শুরুতেই বিতর্ক। বিজ্ঞাপনে আমিরকে বিয়ে করে নিজের বাড়িতে এনেছেন কিয়ারা। কনে নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে এসেছেন বর। চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে ছক ভাঙার বার্তা দিয়েছে বিজ্ঞাপনটি। শুধু তাই নয়। দেখানো হয়েছিল, কিয়ারার অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্বও আমিরের।
'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী’র প্রশ্ন , ‘আমি কিছুতেই বুঝতে পারছি না, ব্যাংকগুলো কবে থেকে সামাজিক এবং ধর্মীয় রীতি বদলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল।’
তীব্র সমালোচনার মুখে সরিয়ে দিতে হলো আমির খান এবং কিয়ারা আদভানি অভিনীত ব্যাংকিং সংস্থার বিজ্ঞাপনটি।
হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে ওই বিজ্ঞাপন, এমনটাই অভিযোগ। ফলত চাপের মুখে পড়ে সেটি তুলে নিতে বাধ্য হয় ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞাপনে হিন্দু বিয়ের এই রীতি বদল অনেকেই ভালোভাবে নেননি। জনমত বলছে, সংকীর্ণ মানসিকতার কাছে পরাজয় স্বীকার করতে হচ্ছে মুক্ত চিন্তার প্রদর্শনকে।
বিজ্ঞাপনের মাধ্যমে দিন বদলের বার্তা দিয়েছিল ব্যাংকটি। কিন্তু জনরোষে পড়ে শেষমেশ পিছু হঠতে হয়েছে।
আনন্দবাজার/কআ








