বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন (mRNA-1237) তৈরি করছে যুক্তরাষ্ট্রের মডার্না কোম্পানি। কোম্পানিটি দেশটির সরকারের সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে। এই ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী সবার শরীরে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর অ্যান্টিবডি’ তৈরি করেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এমনটি দাবি করা হয়েছে।
জুলাইয়ের ২৭ তারিখে চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার মডার্না বিবৃতিতে জানায়, যদি সব এভাবে চলতে থাকে তাহলে তারা প্রতি বছর ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, এই টিকাটির ডেটা যুক্তরাষ্ট্রের প্রথম করোনো প্রতিরোধী টিকা হিসেবে কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে।
জানা গেছে, একটি ভ্যাকসিনের ট্রায়ালে তিনটি ধাপ থাকে। প্রথম ধাপে অল্প মানুষকে যুক্ত করা হয়। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানো হয়।
মডার্না জানায়, প্রথম ধাপের ফলাফল বিশ্লেষণ করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ডোজ নির্ধারণ করা হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি








