দিনাজপুরের হিলিতে বেড়েছে চিকন জাতের সবধরনের চালের দাম। চারদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে বেড়েছে দুই টাকা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও নিম্ন আয়ের মানুষরা। উৎপাদন সংকট ও আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে হিলির চালের বাজার ঘুরে দেখা যায়, হিলি পাইকারি ও খুচরা বাজারে সবধরনের চিকন জাতের চালের দাম বেড়েছে। সম্পা কাটারি ও মিনিকেট জাতের চাল কেজিতে দুই টাকা বেড়েছে। ৫৫ টাকা কেজির সম্পা কাটারি দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে অন্যদিকে ৪৮ টাকার মিনিকেট দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। প্রতিটি ৫০ কেজি চালের বস্তায় দাম বেড়েছে ১০০ টাকা দরে।
রফিক নামের একজন রিক্সাচালক জানান, কনকনে শীতের কারণে কয়েকদিন থেকে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। এতে আমাদের আয়ও কমেছে। আয় করতে না পারলে পরিবার নিয়ে কিভাবে চলবো। চালের দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। চালের দাম যদি কম হতো তাহলে আমাদের জন্য ভালো হতো।
হিলি বাজারের চাল ব্যবসায়ী মোজাহার হোসেন বাবুল বলেন, বাজারের চিকন জাতের চালের সরবরাহ কমেছে। যে কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। যেহেতু সম্পা কাটারি চাল আমদানি নির্ভর। এখন আমদানি বন্ধ । সে কারণে চালের দর বেড়েছে। আমাদের এদিকে চালের উৎপাদন কম। যার ফলে বাজারে এ জাতের চাল গুলোর দাম বেড়েছে। আমদানি শুরু হলে এবং উৎপাদন বাড়লে দাম আবারো কমে আসবে বলে জানান তিনি।
আনন্দবাজার/এম.আর








