- নওগাঁয় চলতি বছর আলুর ফলন ভালো হয়েছে
- লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৯৪১ টন বেশি উৎপাদিত
নওগাঁ জেলায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে জেলায় জমি থেকে আলু উত্তোলন প্রায় শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, ২২ মার্চ পর্যন্ত জেলার প্রায় ৯৮ শতাংশ জমির আলু উত্তোলন সম্পন্ন হয়েছে।
কৃষি বিভাগ চলতি বছর জেলায় প্রতি হেক্টর জমি থেকে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৬ দশমকি ৬২ টন। সেখানে উৎপাদিত হয়েছে প্রতি হেক্টরে ১৮ দশমিক ১ টন। কৃষি বিভাগ বলছে, জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে।
জেলায় মোট আলুর আবাদ হয়েছে ২২ হাজার ২৬০ হেক্টরে। উপজেলা ভিত্তিক আলু চাষের পরিমাণ হচ্ছে সদর উপজেলায় ২ হাজার ৩৫০ হেক্টর, রানীনগর উপজেলায় ১ হাজার ৪১০ হেক্টর, আত্রাই উপজেলায় ২ হাজার ৭৩০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩ হাজার হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৭৯০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৮৪০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৩২৫ হেক্টর, সাপাহার উপজেলায় ১ হাজার ৬৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪৩০ হেক্টর, মান্দা উপজেলায় ৩ হাজার ৮৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৪৯০ হেক্টর।
এ মওসুমে জেলায় মুলত ডায়মন্ড, কার্ডিনাল, এ্যাষ্ট্রোভিক, রোমানা, লাল পাপড়ী, সাদা পাপড়ী এবং হাগড়াই জাতের আলু চাষ করেছেন কৃষকরা।
কৃষি বিভাগ এ বছর প্রতি হেক্টর জমি থেকে ১৬ দশমিক ৬২ মেট্রিক টন হিসেবে চাষকৃত মোট জমি থেকে ৩ লক্ষ ৬৯ হাজার ৯৬১দশমিক ২০ মেট্রিক টন আলু উৎপাদনের প্রত্যাশা করেছিল। জমি থেকে আলু উত্তোলনের পর দেখা গেছে হেক্টর প্রতি ১৮ দশমকি ১ টন হিসেবে ৪ লাখ ৯০২ দশমিক ৬০ মেট্রিক টন আলু উৎপাদিত হচ্ছে। কৃষি বিভাগের কাঙ্খিত প্রত্যাশার চেয়ে ৩০ হাজার ৯৪১ দশমকি ৪০ টন আলু বেশি উৎপাদিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে এ জেলার আলু বিদেশে রপ্তানি হওয়ার সুযোগ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত আলুর নায্যমূল্য পাচ্ছেন।








