বাংলাদেশ সরকারের এক বছর পরিপূর্ণ হলেও পরিপূর্ণতা পায়নি রাজস্ব আয়ে। ২০১৯-২০ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রথম ছয় মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশও অর্জিত হয়নি।
কাস্টমস সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৪৫০ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকা। এর মধ্যে ছয় মাসের লক্ষ্যমাত্রা ছিল ২৩৮ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু প্রথম ছয় মাসে রাজস্ব আয় হয়েছে মাত্র ৭৩ কোটি ৩২ লাখ ২৩ হাজার টাকা। যা লক্ষ্য মাত্রার চেয়ে ১৬৫ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা কম রাজস্ব আয় হয়েছে প্রথম ছয় মাসে।
রাজস্ব আয় কমে যাওয়ার কারণ জানতে চাইলে সোনামসজিদ কাস্টমস, আমদানি রফতানিকারক গ্রুপ সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক সমন্বয় ও পানামার নেতারা জানান, বাণিজ্যিক ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে ভারত থেকে পণ্য আমদানি কমে যাচ্ছে।
তারা আরও জানান, পণ্য আমদানি কমার কারণে আয়ের সঠিক লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। সোনামসজিদ স্থলবন্দরে প্রতিদিন প্রায় ৪৫০ থেকে ৫০০ ট্রাকভর্তি পণ্য আসত। কিন্তু বর্তমানে আসছে মাত্র ১২০/১৩০ ট্রাক পণ্য। যার ফলে স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।
বাংলাদেশের সব স্থলবন্দরগুলিতে সরকারের একই নিয়মে রাজস্ব আদায় করা হলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব চেয়ে বেশি পণ্য আমদানি হবে এবং রাজস্ব আয়ও লক্ষ্য মাত্রার চেয়ে অনেক গুণ বেশি হবে বলে জানান, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
তিনি আরও জানান, অন্যান্য বন্দরে সুযোগ সুবিধা বেশী পাওয়ার কারণে ব্যবসায়ীরা ওইসব বন্দর দিয়েই পণ্য আমদানি করছে। যার জন্য রাজস্ব আদায় কম হয়েছে।
আনন্দবাজার/শাহী








