নতুন বছরের প্রথম দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে দরপতন হয়েছে।
এতে উভয় বাজারেই প্রধান মূল্য সূচকের সামান্য উত্থান হলেও পতন হয়েছে বাছাইকৃত সূচকের। এর সাথে কমেছে লেনদেনের পরিমাণ। কাজেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও ২০২০ সালের প্রথম দিনটি ভালো গেল না শেয়ারবাজারের জন্য।
বছরের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৫৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫০১ পয়েন্টে।
বাছাইকৃত সূচকের বড় পতন হলেও ডিএসইতে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সারাদিনে বাজারে লেনদেনে অংশ নেয়া ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম দিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টি শেয়ারের আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম ।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে ডিএসইতে । তিনশ কোটি টাকার ঘর থেকে লেনদেনের পরিমাণ নেমেছে দুইশ কোটি টাকায়। দিনভর ঢাকা স্টক এক্সচেন্জে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৯৯ লাখ টাকা। গতকার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে ২২ কোটি ৬৯ লাখ টাকার মতো কমেছে লেনদেন ।
এছাড়া লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বিকন ফার্মাসিউটিক্যাল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জিনেক্স ইনফোসিস, সিটি ব্যাংক, ওয়াটার কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন।
আনন্দবাজার/তা.অ








