প্রতি বছরের মতো এবারও ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-স্লোগানে চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২’। আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এ উৎসব অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে এবারের উৎসবে ঢাকায় ১টি ভেন্যুতেই প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আজকের দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায়, মোট ৪টি প্রদর্শনী হবে।
সম্প্রতি এই উৎসবের বিস্তারিত তথ্য জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উৎসবের সকল তথ্য লিখিত বক্তব্যে সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন উৎসবটির পরিচালক শাহরিয়ার আল মামুন।
আজ বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এবারের উৎসবের প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবেউৎসবের প্রদর্শনী। সিনেমা দেখার জন্য প্রবেশমূল্য না থাকলেও গত বছরের মতো এ বছরও মাস্ক পরিধানকে চলচ্চিত্র উৎসবের টিকিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের নানান স্বাদের চলচ্চিত্র দেখার সুযোগ পাবে উৎসবটিতে। উৎসব কর্তৃপক্ষ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিনা মূল্যে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে। সকল স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখানো হবে।
আনন্দবাজার/টি এস পি








