মজবুত হয়ে উঠেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জ্বালানি বাণিজ্য। চলতি বছর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল রফতানি বেশ বাড়িয়েছে রাশিয়া। রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম সূত্রে এ তথ্য জানা গেছে।
রেফিনিটিভ এইকনের এক নোটে বলা হয়েছে, এই বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) যুক্তরাষ্ট্রের বাজারে সব মিলিয়ে ৬৪ লাখ টন জ্বালানি তেল রফতানি করেছে রুশ রফতানিকারকরা। এর মধ্যে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৭৮ হাজার টন জ্বালানি তেল রফতানি হয়েছে শুধু জুলাইয়ে। জুনের তুলনায় জুলাইয়ে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ১৬ শতাংশ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন আমদানিকারকদের জন্য ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল আমদানির পথ বন্ধ হয়ে গেছে নিষেধাজ্ঞার কারণে। এর বিকল্প হিসেবে তারা রাশিয়ার ওপর ঝুঁকেছেন। করোনা মহামারীর মধ্যেও চলতি বছরের শুরু থেকেই রুশ-মার্কিন জ্বালানি তেল বাণিজ্য মজবুত হতে শুরু করে।
আগে মার্কিন আমদানিকারকরা ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল আমদানি করতেন। তবে গত বছর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বাড়তি চাপ তৈরির লক্ষ্যে ভেনিজুয়েলার জ্বালানি তেল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও কয়েকটি প্রতিষ্ঠান ভেনিজুয়েলার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত রেখেছিল। নিষেধাজ্ঞা অমান্যের করায় এসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।
মূলত একারণেই জ্বালানি তেল আমদানিতে রাশিয়ামুখী হয়েছে মার্কিন আমদানিকারকরা। এদিকে আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ থাকার পরও তুলনামূলক কম দাম ও পরিবহন ব্যয় কম লাগায় রুশ-মার্কিন জ্বালানি তেল বাণিজ্য অল্প সময়ের মধ্যে জোরদার হয়ে উঠেছে। একের পর এক মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠান ফুয়েল অয়েল আমদানিতে রুশ প্রতিষ্ঠানগুলোর ওপর ঝুঁকতে শুরু করেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








