সম্প্রতি কিছুদিন আগেই সফলভাবে চাঁদে অবতরণ করেছে চীনের চ্যাং’ই-৫ চন্দ্রযান। এই অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাত্র ২৪ বছর বয়সী এক নারী। ঝৌ চেংয়ু নামের এই নারী চন্দ্রাভিযানের একজন ‘স্পেস কমান্ডার’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, ওয়েনচ্যাং স্পেসক্রাফট উৎক্ষেপণ এলাকায় যারা স্পেস কমান্ডার হিসেবে কাজ করছেন তাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট হলেন ঝৌ। কিন্তু তবুও সেখানে তাকে শ্রদ্ধা করে সবাই ডাকেন ‘বিগ সিস্টার’ বলে। তার কাজ আর দায়িত্বই তাকে এই সম্মাননা এনে দিয়েছে।
চ্যাং’ই-৫ চন্দ্রাভিযান বিগত সাত বছরে চীনের তৃতীয় সফল অভিযান। নমুনা সংগ্রহ করতে গত ১ ডিসেম্বরে চাঁদের অদেখা পৃষ্ঠে নামে চীনের চ্যাং’ই-৫ মহাকাশযান। ঝৌ এই অভিযানে ‘রকেট-সংযোগ সিস্টেমের’ দায়িত্ব পালন করেন। পুরো অভিযানের সফলতার জন্য এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে।
চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে ঝৌকে নিয়ে রীতিমত মাতামাতি শুরু হয়ে গেছে। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ২৩ নভেম্বর চ্যাং’ই-৫ অভিযানের সাফল্যের পেছনে তাকে গুরুত্বপূর্ণ নারীদের একজন বলে উল্লেখ করা হয়েছে।
আর বয়স কম হওয়ায় চীনের জনগণের মধ্যে তাকে নিয়ে রীতিমত ব্যাপক সাড়া পড়ে গেছে। সামাজিক মাধ্যমে তার মেধা ও বুদ্ধিমত্তার প্রশংসা করা হচ্ছে। তাকে চীনের গর্ব বলে মনে করছেন অধিকাংশ মানুষ।
চীনের গুইঝু প্রদেশের বাসিন্দা ঝৌ। তবে তাকে নিয়ে যে এত মাতামাতি চললেও সেটা তার ওপর কোন প্রভাব ফেলেনি বলেই মনে হচ্ছে। এমনকি সাক্ষাৎকারের জন্য অনেক অনুরোধ জানানো হলেও ঝৌ তাতে রাজি হননি। তার কাজের পথে এই খ্যাতি কোন বাধা হয়ে দাঁড়াক সেটা তিনি কখনই চান না।
চীন বিষয়ক মিডিয়া বিশ্লেষক কেরি অ্যালেন জানান, চীনের চন্দ্রাভিযানের জন্য একজন বলিষ্ঠ নারী চরিত্রের খুব প্রয়োজন ছিল। এ কারণেই ২৪ বছর বয়সী ঝৌয়ের ছবি সকল সরকারি প্রচারমাধ্যমে এত ফলাও করে প্রকাশিত হয়েছে। তাকে বর্ণনা করা হয়েছে মহাকাশে চীনের সামনের কাতারের সৈনিক বলা হয়।
চীনে বর্তমানে ক্রমাগত এরকম বলিষ্ঠ নারী চরিত্রকে সামনে নিয়ে আসার চেষ্টা চলছে। চীনের শীর্ষ নেতৃত্বে পুরুষদের খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। তবে গেল নভেম্বরে চীনের গ্লোবাল টাইমস পত্রিকা পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছিল, চলতি বছর যে নারীদের যেসব অর্জন, সে সম্পর্কে মতামত জানাতে। সেখানে চিকিৎসা বিজ্ঞানী চেন ওয়েই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এবং মার্শাল ফাইটার ঝাঙ ওয়েইলির নাম উঠে আসে।
আনন্দবাজার/এইচ এস কে








