করোনা ভাইরাসের ফলে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে 'বন্দে ভারত মিশন' নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে ভারত। এই কার্যক্রমের অধীনে আজ শুক্রবার বাংলাদেশ থেকে ১৭০ জন ভারতীয়কে নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট।
শুক্রবার সকালে হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানিয়েছেন এবং তাদের সথে মতবিনিময় করেন তিনি। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেছেন। তিনি শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। শিক্ষার্থীরা তাদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য হাই কমিশনকে ধন্যবাদ জানায়।
ভারতীয় হাই কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ৮ মে থেকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লী (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) ও চেন্নাই (১৪ মে) নিয়ে যাওয়া হবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।
আনন্দবাজার/এফআইবি








