ফের ৪০ বছরে সর্বোচ্চ
- ডলারের বিপরীতে দাম কমছে পাউন্ডের
যুক্তরাজ্যে বাড়তে শুরু করেছে খাদ্যের দাম। ১৯৮০ সালের পর দেশটিতে খাদ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে মূল্যস্ফীতির হার বেড়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে প্রবেশ করেছে। এর আগে জুলাইতে মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। গতকাল বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানায়, বার্ষিক ভিত্তিতে গত সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। যদিও রয়টার্সের পূর্বাভাসে বলা হয়, এ সময়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ১০ শতাংশে। আগস্টে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৯ দশমিক ৯ শতাংশে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্য কমেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে যাদের আয় কম। সরকারের আর্থিক সহায়তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কারণ এরই মধ্যে ব্রিটিশ সরকার বেশকিছু নীতি পরিবর্তন করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, খাদ্য ও নন-অ্যালকোহলিক পানীয়র দাম সেপ্টেম্বরের মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। কারণ এক্ষেত্রে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। যা ১৯৮০ সালের পর সর্বোচ্চ। এদিকে ট্যাক্স ইস্যুতে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয় দেশটিতে। এরই মধ্যে অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ার্টেংকে সরিয়ে দেওয়া হয়। ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছে প্রধানমন্ত্রী লিজ ট্রাসও।
এর আগে যুক্তরাষ্ট্র চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে। চলতি বছরে মূল্যস্ফীতিতে ডুবছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্য। দেশটিতে গত বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৩০ বছরে সর্বোচ্চ হয়। যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে অনেক বেশি। জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংক অব ইংল্যান্ডের ওপর চাপ বেড়েছিল সুদের হার আবারও বাড়ানোর জন্য।
জেপি মরগ্যান অ্যাসেট ম্যানেজমেন্টের বৈশ্বিক বাজার বিশ্লেষক অ্যামব্রস ক্রফটন বলেন, ‘মুদ্রানীতি নিয়ে এমনিতেই অস্বস্তিকর অবস্থায় রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। তার ওপর নতুন এ খবর বর্তমান মুদ্রানীতির জন্য সহায়ক নয়। ফলে চাপ বাড়ছে সুদের হার বাড়ানোর। ’
বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হওয়ায় বেশির ভাগ উন্নত দেশেই ব্যাপক হারে বেড়েছে মূল্যস্ফীতি। বেশি বেড়েছে খাদ্য, হসপিটালিটি ও গৃহস্থালি পণ্যের দাম।








