করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউডের অন্যতম নামী অভিনেতা ও ভাষা প্রশিক্ষক অ্যানড্রিউ জ্যাক। মঙ্গলবার সুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল ৭৬ বছর। মারা যাওয়ার দুইদিন আগে তার শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়।
অ্যানড্রিউ জ্যাকের এজেন্ট জানায়, করোনার কোনও উপসর্গ তার ছিল না। কোনও লক্ষণ না থাকায় বোঝা যায়নি। পরে হাসপাতালে ভর্তি হলে মৃত্যুর দুদিন আগে ধরা পড়ে, তার শরীরে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস।
জ্যাকের এজেন্ট জিল ম্যাককুলাফ আরও জানান, অভিনয়ের পাশাপাশি তিনি একজন ডায়ালেক্ট কোচও ছিলেন। থেমসের একটি পুরনো হাউসবোটে তিনি একা বাস করতেন। স্বাধীনভাবে বেঁচে থাকায় বিশ্বাসী ছিলেন তিনি। তবে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন জ্যাক। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন জ্যাকের স্ত্রী।
জ্যাকের স্ত্রীও পেশায় একজন ডায়ালেক্ট কোচ। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি জানান, দুদিন আগেই অ্যানড্রিউ জ্যাকের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস। তার কোনও যন্ত্রণা ছিল না। শান্তিতে ঘুমের মধ্যেই চলে গেলেন তিনি। তিনি জানতেন, তার সঙ্গে সবসময় পরিবার রয়েছে।
স্টার ওয়ারস: এপিসোড ৮- দ্য লাস্ট জেডি সিনেমায় জেনারেল ইমাট, সোলো এ স্টার ওয়ারস স্টোরি ও স্টার ওয়ারস এপিসোড ৭ দ্যা ফোর্স অ্যাওকেনসে অভিনয় করেছিলেন অ্যানড্রিউ জ্যাক। এছাড়া আয়রন ম্যান রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস হেমসওয়ার্থের প্রশিক্ষক ছিলেন জ্যাক।
আনন্দবাজার/ টি এস পি







