পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর রোডম্যাপ আছে এবং আমরা এ জন্য দুটি প্যাকেজ হাতে নিয়েছি। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক ডিপ্লোম্যাসি এবং অপরটি পাবলিক ডিপ্লোম্যাসি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত আমাদের বুঝিয়েছে যে, আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত এবং প্রতিটি বিষয় সবাইকে প্রভাবিত করে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ইকোনমিক ডিপ্লোম্যাসি উইকের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। দেশে এই প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ইকোনমিক ডিপ্লোম্যাসি উইকের আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সমৃদ্ধির জন্য অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরসহ অন্যান্য বিষয়ে বেসরকারি খাতকে সরাসরি সহায়তা দিচ্ছে সরকার।
এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের বর্তমানে প্রায় ৫০০ বিলিয়ন ডলার অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৪২ বিলিয়ন ডলার। দেশের প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি ধরে রাখতে হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বেসরকারি খাত প্রয়োজন। তিনি বলেন, অর্থনৈতিক ডিপ্লোম্যাসি পেশাদার কূটনীতিকদের পাশাপাশি অন্যান্য আগ্রহী ব্যক্তিরাও করে থাকে।








