- ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ
- ২ লাখ জরিমানা, দোকান সিলগালা
সয়াবিন তেলের দাম বেশি রাখায় যাত্রাবাড়ীতে আবুল খায়ের ট্রেডার্স নামের এক ডিলারের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ডিলারের কাছে থাকা ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ করা সহ ২ লাখ টাকা জরিমানাও করা হয়। গতকাল শনিবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এসব ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথভাবে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকার নির্ধারিত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা। কিন্তু আবুল খায়ের ট্রেডার্স নিচ্ছিল প্রতি লিটারে ১৭৩ টাকা।
অভিযানের সময় আবুল খায়ের ট্রেডার্সে থাকা রিয়াদ বলেন, প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ টাকা ৮০ পয়সা আমাদের কেনা পড়ে। ফলে আমরা প্রায় দুই টাকা বেশিতে খুচরা বিক্রি করছি।
মৌলভীবাজারের বিভিন্ন পার্টির কাছ থেকে বেশি দামে তেল কিনে এনেছি জানিয়ে রিয়াদ বলেন, যাদের কাছ থেকে তেল কিনে এনেছি, তারা বিক্রির রসিদ দেন না। তারা বলে তোমাদের মালের দরকার হলে মাল নাও, রসিদ দিয়া কি করবা। তারা হাজার হাজার গাড়ি বিক্রি করে। আমরা এক-দুই গাড়ি না আনলে তাদের কিছু যায়-আসে না। এ জন্য আমাদের মাল বাধ্য হয়ে আনতে হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সরকার মিলমালিকসহ সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে এক লিটারে ৩০ টাকা বেশি মানে অনেক বেশি। এটা অসহনীয়। এখানে একটা কারসাজি হচ্ছে।








