- মন্ত্রণালয়ে কিউকম-গেটওয়ে ফস্টারের প্রতিবেদন
- ৬৭২১ গ্রাহক পাবেন ৫৯ কোটি টাকা
- গেটওয়ে ফস্টারে আটকে ৩৯৭ কোটি টাকা
পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে লেনদেনের ৩৯৭ কোটি টাকা আটকে আছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের। সেখান থেকে ছয় হাজার ৭২১ গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকা ফেরৎ দিচ্ছে কিউকম। এ বিষয়ে একমত পোষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে কিউকম ও তাদের পেমেন্ট গেটওয়ে ফস্টার।
দুই পক্ষের প্রতিনিধিদের সই করা প্রতিবেদনটি সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ.এইচ.এম. সফিকুজ্জামান। তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর কিউকমের গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে বৈঠক করেছিলাম। সেখানে তাদের প্রতিবেদন দিতে ১০ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম। তারা আপাতত ৫৯ কোটি টাকার একটা হিসাব দিয়েছে। এই টাকাটা গ্রাহকদের ফেরত দেয়া হবে।
এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, বাকি হিসেবের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের একটা ফরমাল চিঠি দেবো। এরপর বাংলাদেশ ব্যাংক বাকি কাজ করবে। বাংলাদেশ ব্যাংক শুধু টাকা ছাড় করবে।
কিউকমের আইনজীবী আবুল কালাম আজাদ আগেই জানিয়েছিলেন, ২০২০ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা কিউকম ফস্টারের মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে। এখনও ফস্টারের কাছে কিউকমের ৩৯৭ কোটি টাকা আটকা পড়ে আছে। এর মধ্যে গ্রাহকরা কিউকমের কাছে ক্রয়াদেশ বাবদ ২৫০ কোটি টাকা পাবেন।
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
আনন্দবাজার/শহক








