- নাঙ্গলকোটে বাড়ছে আখের চাষ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৬ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২শ’ হেক্টর জমিতে এবার আখ চাষ করেছেন কৃষকরা। ধান চাষে খরচ বেশী হওয়ায় বিকল্প চাষ হিসেবে আখ চাষের দিকে ঝুঁকছেন তারা।
জানা যায়, চলতি মৌসুমে পুরো উপজেলাজুড়ে ২০৮, ১২০৮ ও রং বিলাস জাতের আখ বেশি চাষ হয়েছে। ধান চাষে খরচ বেশি, লাভ কম হওয়ায় বিকল্প ফসল হিসেবে আখচাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।
এদিকে গত কয়েক বছর ধরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আখের আবাদ বেড়েছে। চলতি বছর কৃষকরা আখ চাষে ব্যাপক সাফল্য দেখছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এবার আগাম ফলন আসলে ভালো দাম পাওয়া নিয়ে আশাবাদী তারা। আখের জমি পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে পৌর সদরের বাতুপাড়া গ্রামের আখ চাষি ইউনুস মিয়া বলেন, চলতি বছর তিনি ৩৬ শতক জমিতে আখ চাষ করেছেন। জমি তৈরি, চারা কেনা, শ্রমিক, সার, কীটনাশকসহ প্রায় ৬০ হাজার টাকা খরচ হবে। ফলন ভালো হলে ৫ লাখ টাকার অধিক আখ বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।
দৈয়ারা গ্রামের আখ চাষি আব্দুর রাজ্জাক বলেন, তিনি ৩০ শতক জমিতে আখ চাষ করছেন। বাজারে আখের দাম বেশ ভালো। আশা করছি আমি লাভবান হতে পারব। গত ১০ বছর ধরে আখ চাষ করছেন তিনি। উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের প্রনোদনা পাননি বা কৃষি অফিসার কেও চিনেন না তিনি।
বাংগড্ডা গ্রামের উত্তর পাড়ার কামাল বলেন, ধান চাষ করতেন। খরচের সঙ্গে কোনো মিল নেই। লোকসান গুনতে হয় সব সময়। তাই এবার আখ চাষ করছি। তবে কৃষি অফিস থেকে কোনো ধরনের পরামর্শ বা সহয়াতা পাননি বলে জানান তিনি।
বাংগড্ডা ইউপি ব্লকের উপসহকারি কৃষি অফিসার মোস্তফা কামাল বলেন, এবার এ ইউপিতে ৪ থেকে ৫ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে।








